ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও আগস্ট ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী মিল ব্যারাক পুলিশ লাইন্সে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন। মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নির্জন সরকার। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দেন। পরে সকাল ৯টায় মিল ব্যারাক পুলিশ লাইন্সের ‘ফায়ারিং বার্ড’-এ কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঢাকা, সুবাস চন্দ্র সাহা। এরপর সকাল ১০টায় মিল ব্যারাক কনভেনশন হলে আগস্ট ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা জেলা পুলিশের বিভিন্ন থানা ও ইউনিটের সদস্যরা অংশ নেন। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য ও সমস্যার বিষয়গুলো অবহিত হয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা জেলা পুলিশের কর্মকর্তা ও ফোর্স সদস্যদের মধ্যে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মেডিকেল অফিসার, বিভিন্ন থানা ও ইউনিটের প্রধানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।









