চুয়াডাঙ্গার জীবননগরে সিজারের চার দিন পর অতিরিক্ত রক্তক্ষরণে এক প্রসূতির মৃত্যুর অভিযোগের পর নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ক্লিনিকটির সরকারি অনুমোদিত কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র না পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিক কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের চার দিন পর অতিরিক্ত রক্তক্ষরণে ওই প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও কাগজপত্র যাচাই করা হয়।
অভিযানকালে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র ও অনুমোদনের নথি দেখতে চান ভ্রাম্যমাণ আদালত। তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রয়োজনীয় সরকারি অনুমোদন বা বৈধ লাইসেন্সের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। অভিযানে জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ উপস্থিত ছিলেন। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, উপজেলায় যেসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে, সেগুলোর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তদন্ত প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন। একই সঙ্গে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।








