চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকারকে বিদায় এবং নবাগত উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলামকে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসের হলরুমে এ উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকারকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে নবাগত উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের কর্মস্থলের সহকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে বিদায়ের মুহূর্তে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “সেবা, সততা ও নিষ্ঠার সাথে কৃষির উন্নয়নে আমাদের অঙ্গীকার।”
বিদায়ী উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকার তাঁর বক্তব্যে চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জেলার কৃষি, কৃষক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তাঁর দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, কর্মস্থল পরিবর্তন হলেও চুয়াডাঙ্গার কৃষি ও কৃষকদের সঙ্গে কাটানো সময় এবং সহকর্মীদের আন্তরিকতা সবসময় তাঁর স্মৃতিতে থাকবে। দায়িত্ব পালনের সময়ে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান। অন্যদিকে নবাগত উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম বলেন, সকলকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গার কৃষিকে আরও আধুনিক, সুন্দর ও সমৃদ্ধভাবে এগিয়ে নিতে চান। কৃষকদের পাশে থেকে কৃষির উন্নয়ন ও কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চুয়াডাঙ্গার কৃষি খাতকে আরও সুন্দরভাবে সাজাতে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান নবাগত এই কর্মকর্তা।
তিনি বলেন, কৃষক হচ্ছেন কৃষির মূল চালিকাশক্তি। তাই কৃষকদের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে তাঁদের পাশে থেকে আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে চুয়াডাঙ্গার কৃষিকে আরও এগিয়ে নেওয়াই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তাদের এ রদবদলের নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ উল্লাহ। প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নুরুল ইসলামকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার নতুন উপপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে বিদায়ী উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকারকে রংপুরের তাজহাটে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায় , অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস,অতিরিক্ত উপপরিচালক (পিপি) মিঠু চন্দ্র অধিকারী , কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন পাহলোয়ান, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন শাহানাজসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।









