কুষ্টিয়ার পদ্মা নদী, গড়াই নদী ও হরিপুর সেতু এলাকায় উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা প্রতিরোধে নৌকা ব্যবসায়ী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা পুলিশ। একই সঙ্গে রাতের বেলায় গড়াই নদীতে উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা বন্ধে সন্ধ্যার পর নৌকা চলাচল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় পুলিশ সুপার বলেন, পদ্মা ও গড়াই নদী এবং হরিপুর সেতু এলাকায় নৌকায় উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীল কর্মকাণ্ডের কারণে জনসাধারণের স্বাভাবিক পরিবেশ ও সামাজিক মূল্যবোধ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি জেলার নৌকা ব্যবসায়ী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান। বিশেষ করে রাতের বেলায় গড়াই নদীতে উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা বন্ধে সন্ধ্যার পর নৌকাগুলো চলাচল বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করেন। মতবিনিময় সভায় নৌকা ব্যবসায়ী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নদীকেন্দ্রিক বিনোদনের নামে যাতে জনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ জাকির হোসেন, ডিআইও-১ (ডিএসবি), কুষ্টিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








