চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তারের পর পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুল খালেক (২৬), নওদাবন্ডবিল পাড়ার মৃত আবের মন্ডলের ছেলে মজন মিয়া (৬০), বাহোপাড়া এলাকার শ্রী সত্য লালের ছেলে শ্রী তাপস (২৫) এবং নওদাবন্ডবিল পাড়ার মো. মজনু মিয়ার ছেলে মো. ফরহাদ (১৯)।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে আব্দুল খালেকের কাছ থেকে এক পিস ইয়াবা এবং মজন মিয়া, শ্রী তাপস ও মো. ফরহাদের কাছ থেকে ১০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আব্দুল খালেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মজন মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, শ্রী তাপসকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মো. ফরহাদকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









