আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪, দুজনের কারাদণ্ড


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবার গুঁড়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তার চারজনের মধ্যে দুজনকে তাৎক্ষণিক বিচারের মাধ্যমে কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৫ সেপ্টেম্বর) আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. নবাব আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হারদী এলাকায় অভিযান চালান। এ সময় হারদী গ্রামের ইউসুফ আলীর চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে মাফুজ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে আটটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটের ওজন ২ দশমিক ৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই রাতে আলমডাঙ্গা থানার এসআই এসএম নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল কামালপুর চরপাড়া এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার আজিজুল হকের বাড়ির দ্বিতীয় তলা থেকে সুজ্জল হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁর কাছ থেকে ০ দশমিক ১ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, দুটি ইয়াবা সেবনের কাঠি এবং তিনটি বোতলের মুটকি উদ্ধার করার কথা জানিয়েছে।

এ ছাড়া আলমডাঙ্গা থানার এসআই মো. শাহরিয়ার হুসাইন রুবেলের নেতৃত্বে পুলিশের অপর একটি দল বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ দুই আসামিকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন—হাউসপুর গ্রামের মো. আব্দুস সালাম (৩০) এবং পুরাতন বাজার রথতলা এলাকার মো. নাহিদ হাসান (২১)।

পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুস সালাম ও নাহিদ হাসানকে আলমডাঙ্গা থানার ৩ সেপ্টেম্বরের একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার মাফুজ এবং ইয়াবার গুঁড়াসহ গ্রেপ্তার সুজ্জল হোসেনকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য পাঠানো হয়। আদালত মাফুজকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর আসামি সুজ্জল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪, দুজনের কারাদণ্ড

07 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com