চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোছা. মাহফুজা খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের ডম্বলপুর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজা খাতুন আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের টাইলস মিস্ত্রি মামুন আলীর মেয়ে। মামুন আলী কর্মসূত্রে চট্টগ্রাম জেলা শহরে বসবাস করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজা তার মায়ের সঙ্গে কয়েকদিনের জন্য নানাবাড়ি ডম্বলপুর গ্রামে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সে ক্যানেলের অপর পাশে ছিন্নি খেতে যায়। ছিন্নি খাওয়া শেষে সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়।অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাহফুজা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা অ্যাম্বুলেন্সটিকে ধাওয়া করে আটক করেন। তবে এ সময় চালক কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সটি জব্দ করে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে, মাত্র পাঁচ বছর বয়সী শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নানাবাড়ি ও নিজ গ্রামের স্বজন-প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার বিষয়ে তদন্ত করা হবে।









