বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তাবলীগ জামাতের উভয় পক্ষকে কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়িয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাতের সাদপন্থী প্রতিনিধিদের সঙ্গে ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা ও অন্যান্য বিষয় নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, এর আগে জুবায়েরপন্থী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হয়েছে। উভয় পক্ষের মতামত বিবেচনায় নিয়ে আগামী বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে। ইজতেমার মাঠ ব্যবহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় পক্ষই টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের দাবি জানিয়েছে। পূর্বের একটি সিদ্ধান্ত অনুযায়ী সাদপন্থীদের টঙ্গী ময়দানে ইজতেমা না করার বিষয়টি উল্লেখ থাকলেও বৈঠকে সাদপন্থী প্রতিনিধিরা ওই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে ময়দান ব্যবহারের দাবি জানিয়েছেন।

সাদপন্থীদের পক্ষ থেকে দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে যৌক্তিক সময়ের ব্যবধানে টঙ্গী ময়দানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান মন্ত্রী। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাওলানা সাদের বাংলাদেশে আগমন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্য ও উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে, আগের সময়ের তুলনায় দেশের অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। হত্যা, অপহরণ, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের হার কমেছে বলেও দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকার উদাহরণ হিসেবে রাজধানীতে এক শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হয়ে নিহত হওয়ার ঘটনার কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার, ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং অপরাধীদের ব্যবহৃত মালামাল জব্দ করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অসহযোগিতা বা গাফিলতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। এছাড়া স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলীগ জামাতের সাদপন্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৮ আগস্ট বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাবলীগ জামাতের জুবায়েরপন্থী প্রতিনিধিরা অংশ নেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

03 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com