প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ উৎসবের দিন নয়, বরং দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে নতুন করে সংগঠনকে শক্তিশালী করার দিন।বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে আসছে।কথাগুলো বলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। দলের তৃণমূল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বানও জানান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, খালে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করে মাগুরা জেলা বিএনপি। বিকাল আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, আখতার হোসেন, হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, আমিনুর রহমান খান পিকুল, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরা ট্রাক টার্মিনাল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ও জেলা বিএনপির নেতাকর্মীরা। পরে পারনান্দুয়ালী খালে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরিবেশ রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান নেতারা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা বলেন, দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কর্মকাণ্ড বাড়াতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়ে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীরা বিএনপির আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।









