নওগাঁর মান্দায় পুলিশ সুপারের তত্ত্বাবধানে সমন্বিত বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের দুই কথিত লিডার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, খেলনা পিস্তল, ধারালো ডেগার, বিভিন্ন ধরনের ছুরি, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মান্দা উপজেলার কসব ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় সুলতান ও পারভেজ বেশ কিছুদিন ধরে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তোলে। ওই গ্যাংয়ের সদস্য হতে অস্বীকৃতি জানালে স্থানীয় কিশোরদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি এলাকায় বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তুরুকবাড়িয়া এলাকায় সাফিয়াল যাবের নিরবকে হত্যার উদ্দেশ্যে সুলতান ও পারভেজের নেতৃত্বে গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে মান্দা থানা পুলিশ। পরদিন ২৬ আগস্ট রাতেও এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ফের গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় মান্দা থানায় মামলা করা হয়। ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, মান্দা থানা পুলিশ, রাণীনগর থানা পুলিশ এবং মান্দা সার্কেলের এএসপি শাওনের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের গতিবিধি শনাক্ত করে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণে তারা জানতে পারে সুলতান ও পারভেজ ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপর পুলিশ সুপারের নির্দেশে মান্দা সার্কেল, মান্দা থানা ও জেলা গোয়েন্দা শাখা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। একই সঙ্গে তাদের গতিরোধে পার্শ্ববর্তী জেলার পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়। এর ধারাবাহিকতায় ৩১ আগস্ট রাতে বগুড়ার শেরপুর থানা এলাকার ফুড ভিলেজ থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে নিয়ে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও মান্দার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে অস্ত্র থাকার তথ্য পাওয়া যায় বলে দাবি পুলিশের।
পুলিশ জানায়, ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে গ্রেপ্তার সুলতান ও পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে সুলতানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি কক্ষের চালের কার্নিশের ওপর থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল ও একটি ধারালো ডেগার উদ্ধার করা হয় এ ছাড়া অভিযানে একটি সুইচ গিয়ার ‘ঈগল’ চাকু, দুটি পুরোনো চাকু ও একটি খুর চাকু, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক পর্যালোচনায়, সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় বহুল আলোচিত চৌকিদারের ছেলের হত্যা মামলা, সাইবার সুরক্ষা আইন ও মারামারিসহ মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলায় তারা দুজনই প্রায় আট মাস কারাগারে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজন প্রায়ই পকেটে সুইচ গিয়ার ধরনের চাকু রাখতেন এবং তা দিয়ে মানুষকে আঘাত করার অভিযোগ রয়েছে। সুলতান ও পারভেজকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় মান্দার স্থানীয় বাসিন্দারা জেলা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।








