চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, বাজার তদারকির সময় খাদ্যপণ্য, কসমেটিকস ও বীজের দোকানে বিভিন্ন অনিয়মের বিষয়টি নজরে আসে। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধ কসমেটিকস বিক্রির দায়ে নাহিদা কসমেটিকস কর্নারের মালিক মোছা. নাহিদা খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় রুবেল ফল ভাণ্ডারের মালিক মো. মতিয়ার রহমানকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির দায়ে ইসহাক বীজ ভাণ্ডারের মালিক মো. মাসুদ রানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠান থেকে আরোপিত মোট ১৩ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা হালনাগাদ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন, যৌক্তিক ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা এবং জেলা পুলিশের একটি দল। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।









