কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আবু নাসের বাঙ্গালী জয় (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট) কুমারখালী উপজেলার এনায়েতপুর বাজার থেকে জয়কে গ্রেপ্তার করা হয়। আটক জয় কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েতপুর গ্রামের মৃত শরিফুল আলমের ছেলে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, আসন্ন কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী ও খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর (৪৫) ওপর গত ৬ আগষ্ট সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই মামলার জয়কে আটক করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়। খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, আপরাধ দমনে আমরা বদ্ধ পরিকর। থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।









