আলমডাঙ্গার জনপ্রিয় লেবু চা বিক্রেতা আশরাফুলের আকস্মিক মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের পরিচিত মুখ ও জনপ্রিয় লেবু চা বিক্রেতা মো. আশরাফুল (৪৪) আর নেই। সোমবার (১৭ আগস্ট) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত আশরাফুল আলমডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এরশাদপুর-মাগুরাপাড়া এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি আলমডাঙ্গা পুরাতন বড় জামে মসজিদের বিপরীত পাশের গলিতে অবস্থিত ‘আখিঁ টি স্টল’-এর স্বত্বাধিকারী ছিলেন। তার তৈরি ঝাল-লেবু চায়ের বিশেষ স্বাদের কারণে দোকানটি অল্প সময়ের মধ্যেই স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। শহরের বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে অনেকে তার দোকানে চা খেতে আসতেন। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে আশরাফুলের গ্যাস্ট্রিকের ব্যথা ও হালকা জ্বর ছিল। সোমবার দুপুরের দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আশরাফুল নিজের সংসারকে টিকিয়ে রাখতে নানা কাজ করেছেন। কর্মজীবনের শুরুতে আলমডাঙ্গা হাইরোডে বিউটি পেরেছে কাজ করতেন। বিয়ের পর পরিবারের আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন দোকানের শপিং ব্যাগ তৈরির কাজও করেন। পরে আনন্দধাম এলাকায় চায়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করলেও সেখানে কাঙ্ক্ষিত সাফল্য পাননি। এরপর আলমডাঙ্গা হাইরোডের গার্মেন্টসপট্টি মোড়সংলগ্ন একটি গলিতে ‘আখিঁ টি স্টল’ চালু করেন। নিজের পরিশ্রম ও সুস্বাদু লেবু চায়ের কারণে ধীরে ধীরে দোকানটি পরিচিতি পায়। আশরাফুলের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় মেয়ে বিবাহিত। দুই ছেলে এখনও ছোট। বড় ছেলে আশিক বাবার চায়ের দোকানে সহযোগিতা করত। ছোট ছেলে শিমুল একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আশরাফুল। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীর অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়েছে। স্থানীয়রা জানান, আশরাফুল ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র, হাস্যোজ্জ্বল ও মিশুক স্বভাবের মানুষ। তার সঙ্গে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুসম্পর্ক ছিল। প্রতি শুক্রবার চায়ের দোকান বন্ধ থাকলে তিনি শখের বসে মাছ ধরতে যেতেন। মাছ শিকার করতেও তিনি অনেকের সঙ্গে পরিচিত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। শহরের বিভিন্ন এলাকার মানুষ বৃষ্টি উপেক্ষা করেও তার বাড়িতে ছুটে যান। তার অকাল মৃত্যুতে স্বজন, বন্ধু, পরিচিতজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের ছোট ভাই শরিফুল ইসলাম জানান, সোমবার রাত ১০টায় আলমডাঙ্গার এরশাদপুর কবরস্থানে আশরাফুলের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুম আশরাফুলের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গার জনপ্রিয় লেবু চা বিক্রেতা আশরাফুলের আকস্মিক মৃত্যু

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com