জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য সড়ক র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, চুয়াডাঙ্গার আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মৎস্য উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান আরও জোরদার করার লক্ষ্যে কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সড়ক র্যালিতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্যসম্পদের সংরক্ষণেও সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখা সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। আয়োজকরা বলেন, মাছ উৎপাদনে সমৃদ্ধি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের অবদান আরও এগিয়ে নিতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে চলমান কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।









