বাগেরহাটের ফকিরহাটে খালের পানিতে পচা সাপের দুর্গন্ধকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মো. শহীদ শেখ (৭২) নামে এক বৃদ্ধকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। যোহরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় শহীদ শেখ বাদী হয়ে একই এলাকার আলী শেখ (৩০)-এর বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোট হোচলা এলাকায় শহীদ শেখের বাড়ির সামনে সরকারি খালে প্রায় চার-পাঁচ দিন আগে একটি সাপ মেরে ফেলে রাখা হয়। পরে সাপটি পচে গিয়ে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ বিষয় নিয়ে শহীদ শেখ অভিযুক্ত আলী শেখের ছোট ভাই রাকিব শেখের ওপর অসন্তোষ প্রকাশ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিযোগে বলা হয়, গত ১৪ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে যোহরের নামাজ শেষে ছোট হোচলা পূর্বপাড়া জামে মসজিদ থেকে ইটের সলিং রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন শহীদ শেখ। এ সময় আলী শেখের সঙ্গে তার দেখা হলে আগের ঘটনার জের ধরে তাকে গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে আলী শেখ ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন। একপর্যায়ে তার পায়ে চাপ দিয়ে ধরে রাখারও অভিযোগ করা হয়েছে। শহীদ শেখের ডাক-চিৎকার শুনে মসজিদ থেকে মুসল্লি ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযুক্ত আলী শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পর অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।









