মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুরে গোসল করতে নেমে জিতনী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টা ২ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে লালবাড়ী এলাকায় একটি পুকুরে গোসল করতে নেমে জিতনী নামের এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মরদেহ পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত জিতনীর বাবা আব্দুল জলিল। তিনি পরিবার নিয়ে লালবাড়ী এলাকায় মো. করুনার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের স্থায়ী বাড়ি শেরপুর জেলায়। জিতনী শেরপুর সদর উপজেলার ভাতসালা ইউনিয়নের চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার সূত্রে জানা যায়, বাবা-মায়ের সঙ্গে মাত্র দুই দিন আগে শেরপুর থেকে লালবাড়ী এলাকায় এসেছিল জিতনী। এর মধ্যেই পুকুরে গোসল করতে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হলো।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।









