জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ৪ আগস্ট ছাত্রদল ও যুবদলের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন জকসু নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (৫ আগস্ট) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসাধীন শিক্ষার্থীদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। হাসপাতাল পরিদর্শনের সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত হামলায় জকসু নেতৃবৃন্দ ও বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।









