পূর্ণতা ও কল্যাণের আশায় শিবের মাথায় জল নিবেদন, আলমডাঙ্গায় হাজারো ভক্তের পদযাত্রা

ভক্তি, আধ্যাত্মিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শিব পূজাকে কেন্দ্র করে শিবলিঙ্গে পবিত্র জল নিবেদনের ধর্মীয় আচার পালিত হয়েছে। পূর্ণতা লাভ, সংসারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সর্বজনের মঙ্গল কামনায় নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও বিভিন্ন বয়সের হাজারো সনাতন ধর্মাবলম্বী এ আয়োজনে অংশ নেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে আলমডাঙ্গা পৌর এলাকার কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় ভক্তদের পদযাত্রা। ঢাকের তালে তালে খালি পায়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে তারা আনন্দধাম এলাকার জিকে খাল থেকে পবিত্র জল সংগ্রহ করেন। এরপর ধর্মীয় বিধি অনুসারে খালের পানিতে স্নান করে শুদ্ধতা অর্জনের পর শোভাযাত্রার মাধ্যমে শিব মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গে জল নিবেদন করেন।

ভক্তদের বিশ্বাস, ভগবান শিবের মাথায় পবিত্র জল নিবেদন করলে মনোবাসনা পূরণ হয়, জীবনে সুখ-শান্তি আসে এবং পরিবারের কল্যাণ ও সমৃদ্ধি লাভ করা যায়। অনেকেই ব্যক্তিগত ও পারিবারিক মঙ্গল, সুস্বাস্থ্য এবং দেশ-জাতির শান্তি কামনায় প্রার্থনা করেন।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সমুদ্র মন্থনের সময় সৃষ্ট মহাবিষ ‘হালাহল’ পান করে বিশ্বজগতকে রক্ষা করেছিলেন ভগবান শিব। সেই বিষের উত্তাপ প্রশমিত করতে দেবতারা তাঁর মস্তকে জল নিবেদন করেছিলেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় যুগ যুগ ধরে শিবলিঙ্গে জল নিবেদনের এই ধর্মীয় আচার পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে কিশোর, তরুণ, যুবক, নারী ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। খালি পায়ে ঢাকের বাদ্যের তালে তালে ভক্তদের পদযাত্রা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। নারী ও পুরুষ একসঙ্গে ধর্মীয় শৃঙ্খলা বজায় রেখে শোভাযাত্রায় অংশ নেন।

উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো যাত্রাপথ ও মন্দির এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করেন, ফলে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।

ধর্মীয় আচার শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে পরিণত হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পূর্ণতা ও কল্যাণের আশায় শিবের মাথায় জল নিবেদন, আলমডাঙ্গায় হাজারো ভক্তের পদযাত্রা

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com