নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক ভাড়াটিয়া কলেজ-ছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে আপত্তিকর অবস্থায় পাওয়ার ঘটনায় দুজনকেই আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার সদর এলাকার ঘোষপাড়া বয়লারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আটকৃত বাড়িওয়ালা আলেফ (৪৫) উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে। অপরজন ধামইরহাট উপজেলার ধানতারা গ্রামের বাসিন্দা এবং নওগাঁ শহরের একটি কলেজের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই ছাত্রী আলেফের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া নিয়ে ওঠেন। পরদিন সকালে আলেফের স্ত্রী ও তার আগের পক্ষের মেয়ে বাড়ির ভেতরে আলেফ ও ওই ছাত্রীর অবস্থান নিয়ে সন্দেহজনক পরিস্থিতি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।








