সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বিভিন্ন মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আব্দুল বাতেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান তালুকদার, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ কমিটির সদস্যরা। সভায় বক্তারা বলেন, বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। তবে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ভুয়া ফেসবুক আইডি ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সড়কের বেহাল অবস্থা এবং অন্যান্য জনদুর্ভোগের বিষয়ও সভায় তুলে ধরা হয়। জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী বলেন, মাদক, চোরাচালান, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, মাদকমুক্ত ও নিরাপদ জামালগঞ্জ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশাসন, গণমাধ্যম ও জনসাধারণের সমন্বিত উদ্যোগেই উপজেলার উন্নয়ন ও সামাজিক সচেতনতা আরও জোরদার করা সম্ভব। সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।









