আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা বাজারের অদূরে কেষ্টপুর এলাকায় ধানভর্তি একটি লাটাহাম্বার (স্থানীয় মালবাহী যান) সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) কিছুক্ষণ আগে এ দুর্ঘটনা ঘটে। লাটাহাম্বারের চালকের অভিযোগ, সামনে থেকে দ্রুতগতিতে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে গাড়িটির পেছনের চাকা রাস্তার নিচে নেমে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ধানভর্তি লাটাহাম্বারটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহন করা ধান ছিটকে পড়ে। চালক জানান, তিনি ধান নিয়ে কুষ্টিয়ার খাজানগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় কেষ্টপুর এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা চালককে নিরাপদে উদ্ধার করেন। দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।









