ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর ডা. শফিকুর রহমান এমপি। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ ও আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঘটনার বিষয়ে দলীয়ভাবে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
একই সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়, গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। তদন্ত শেষে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য (এমপি) পদ সম্পর্কে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ পৃথক কোনো সিদ্ধান্ত জানায়নি।









