জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ গঠনের দাবিতে আয়োজিত জুলাই পথসভায় অংশ নিতে নীলফামারীর জলঢাকা উপজেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় চার নেতা। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তারা জলঢাকায় পৌঁছে পথসভায় বক্তব্য দেবেন। সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন। তিনি জানান, দলের কেন্দ্রীয় চার নেতা সোমবার রাতে নীলফামারী সার্কিট হাউসে অবস্থান করবেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে নীলফামারীর জলঢাকায় পৌঁছাবেন। প্রথমে তারা জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় আয়োজিত জুলাই পথসভায় অংশ নেবেন। পরে সেখান থেকে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে বক্তব্য রাখবেন। আবু সাঈদ লিওন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই এই পথসভার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা জনগণের উদ্দেশে দলের বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। তিনি আরও জানান, জলঢাকার কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় নেতারা নীলফামারী সদর উপজেলার পথসভায় অংশ নেবেন। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখার পর তারা লালমনিরহাট সফরে রওনা হবেন। এদিকে কেন্দ্রীয় নেতাদের সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, কর্মসূচি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








