নয়(৯) বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নবীন বরণ উৎসবের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে যুক্ত হলো নতুন উদ্দীপনা ও নতুন সম্ভাবনা। আজ (১৯ জুলাই ২০২৬)রবিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে তিনটি অনুষদের অধীন নয়টি বিভাগে পৃথকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নবীনদের প্রাণবন্ত উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ এবং নতুন বিভাগগুলোর আনুষ্ঠানিক যাত্রা—সব মিলিয়ে দিনটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলকে পরিণত হয়। প্রতিটি বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণের অনুভূতি, স্বপ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বর্তমান শিক্ষার্থীরা তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং নতুন পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলার আহ্বান জানান। শিক্ষকবৃন্দ জ্ঞানচর্চা, গবেষণা, নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের প্রতিটি পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-আর-রশিদও উপস্থিত ছিলেন। তাঁরা নয়টি বিভাগের প্রতিটি নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, গবেষণামনস্কতা, উদ্ভাবনী চিন্তা, নৈতিক নেতৃত্ব এবং দেশগঠনে তরুণ প্রজন্মের ভূমিকা সম্পর্কে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এবারের নবীন বরণ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। বাংলা, ইংরেজি, অর্থনীতি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ইতোমধ্যে সাতটি ব্যাচের শিক্ষা কার্যক্রম চলমান থাকলেও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো ইতিহাস ও প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল এবং হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। নবীন বরণের মধ্য দিয়ে বিভাগগুলো আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষা বিভাগেরও (জিইডি) কার্যক্রম শুরু হচ্ছে, যা আন্তঃবিষয়ক শিক্ষা ও সামগ্রিক জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করবে। নতুন বিভাগগুলোর সংযোজনের মাধ্যমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর যেমন বিস্তৃত হয়েছে, তেমনি উচ্চশিক্ষার নতুন নতুন ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সৃষ্টি হয়েছে বহুমাত্রিক সুযোগ। এই সম্প্রসারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উৎকর্ষ অর্জনের লক্ষ্যে চলমান অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। নবীন শিক্ষার্থীদের স্বপ্ন, নতুন বিভাগের যাত্রা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রত্যয়ে মুখর এই আয়োজন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বিকাশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নয়(৯) বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

20 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com