বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে শাকিল পণ্ডিত (২৪) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সাইদুল মাতাব্বরকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের শাহজাহান পণ্ডিতের ছেলে। গ্রেপ্তার সাইদুল একই গ্রামের মৃত আলম মাতাব্বরের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে শাকিল পণ্ডিত তার বন্ধু শান্ত, শুভ ও রাকিবের সঙ্গে বাড়ির সামনের একটি ঘরে বসে লুডু খেলছিলেন। এ সময় প্রতিবেশী সাইদুল পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। খেলার একপর্যায়ে একটি তুচ্ছ বিষয় নিয়ে শাকিল ও সাইদুলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। অভিযোগ রয়েছে, হঠাৎ সাইদুল একটি হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় সজোরে আঘাত করেন। এতে শাকিল গুরুতর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সাইদুল মাতাব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা হাতুড়িটিও আলামত হিসেবে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








