দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চালুসহ পাঁচ দফা দাবিতে অবস্থান সমাবেশ

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চালুসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় দর্শনা রেল সংগ্রাম পরিষদের উদ্যোগে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দর্শনা রেল সংগ্রাম পরিষদের সভাপতি রবিউল আলম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মজনুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা তানভীর রহমান অনিক, দর্শনা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির এবং বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান। সমাবেশটি পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস আনোয়ারুল ইসলাম বাবু।

এ সময় স্থানীয় সমাজকর্মী আব্দুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রেলসেবা প্রত্যাশী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দর্শনা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেলস্টেশন হলেও এখানকার সাধারণ যাত্রীরা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত যাত্রীবাহী রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একটি আন্তর্জাতিক রেলস্টেশনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও ট্রেন চলাচল নিশ্চিত না হওয়ায় এ অঞ্চলের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা এই বৈষম্য দূর করে দ্রুত পাঁচ দফা দাবি বাস্তবায়নে রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— দর্শনা থেকে কোটচাঁদপুর, কালীগঞ্জ ও যশোর হয়ে ঢাকাগামী নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু; পূর্বে বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়া ও ঈশ্বরদীগামী দুটি লোকাল ট্রেন পুনরায় চালু; চিত্রা ডাউন ট্রেনের দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করা; দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা এবং দর্শনায় নির্মাণাধীন ওয়াশপিট প্রকল্পের কাজ দ্রুত শেষ করা।

বক্তারা আরও বলেন, এসব ন্যায্য ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। প্রয়োজনে রাজপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চালুসহ পাঁচ দফা দাবিতে অবস্থান সমাবেশ

06 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com