সারাদেশের সঙ্গে চুয়াডাঙ্গায়ও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সচিবালয়ে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের ৬৪টি জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজনের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি নজরুল বর্ষ উপলক্ষে সারা বছরজুড়ে সরকার ঘোষিত বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করবে জেলা প্রশাসন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিটি কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালির সংগ্রাম, সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রেরণার উৎস। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন সাংস্কৃতিক জাগরণের যে সূচনা হয়েছে, সেখানে নজরুলের চেতনা অন্যায়, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামে নতুন শক্তি জোগাচ্ছে। এ আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে স্মারক ডাকটিকিট এবং কর্মসূচির লোগো উন্মোচন করেন। তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী ও শিল্পীরা অংশগ্রহণ করেন।









