চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, স্বাস্থ্য সনদ না থাকা, দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং খাদ্য প্রস্তুতে শিল্পে ব্যবহৃত লবণ ব্যবহার করার অভিযোগে এ জরিমানা করা হয়। অভিযানের সময় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাজারের চালের আড়ত, মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ওষুধের দোকান, সার ও বীজের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মো. শুকুর আলীর মালিকানাধীন ‘মিষ্টি বাড়ি’ প্রতিষ্ঠানে একাধিক অনিয়মের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, সরকার নির্ধারিত ও যৌক্তিক দামে পণ্য বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য, ওষুধ, বীজ এবং শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, সঠিক লেবেলিং নিশ্চিত করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।









