চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার জুতা পট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য সেবনের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শুক্রবার আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার। অভিযানের সময় মাদকদ্রব্য সেবনের অভিযোগে অভিযুক্তদের হাতেনাতে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাস্তি প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন— আলমডাঙ্গা পৌরসভার চারতলা এলাকার লক্ষণ ঘোষের ছেলে শ্রাবণ ঘোষ, কলেজপাড়ার নুর ইসলামের ছেলে আব্দুল আল মামুন, আনন্দধামের লুৎফর রহমানের ছেলে মো. নাসিমুল, চারতলার মোড় এলাকার খজেন অধিকারীর ছেলে রতন অধিকারী, কলেজপাড়ার আজিজুর রহমান পিন্টুর ছেলে আযারুল ইসলাম, কোর্টপাড়ার আশরাফুলের ছেলে মো. লাল মিয়া এবং থানা পাড়ার সাধুয়া দাসের ছেলে সুজন দাস।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, থানা পাড়ার সুজন দাসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অপর ৬ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।








