কক্সবাজার, ১৩ জুন: বৃষ্টিস্নাত সকালে একদিনের সফরে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে তিনি কক্সবাজারে পৌঁছানোর পর বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন।বিমানবন্দর থেকে তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় ‘পাতলী খাল পুনঃখনন’ কার্যক্রমের শুভ উদ্বোধনস্থলের উদ্দেশে রওনা হন। এ সময় তাঁর পাশের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গাড়িতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।পরে ‘পাতলী খাল পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধনস্থল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশে যাত্রা করেন। পুরো পথজুড়ে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, ফুলেল শুভেচ্ছা এবং উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হন তিনি।সফরসংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরে কক্সবাজারে একাধিক কর্মসূচি রয়েছে। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।








