নিজস্ব প্রতিবেদক,
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের তানজিম হাসান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন ২০২৬) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত তানজিম হাসান লক্ষীপুর গ্রামের ওমর মালিথার একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে ভুট্টা কিনতে দিনাজপুরে গিয়েছিলেন তিনি। সেখানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তানজিম হাসানের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। তিনি স্ত্রী, সাড়ে তিন বছর বয়সী এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে, একমাত্র সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লক্ষীপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। তবে এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।









