চুয়াডাঙ্গা-১ আসনের উন্নয়নে একাধিক মন্ত্রণালয়ে এমপি রাসেলের বিশেষ দাবি

,নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গা-১ (সদর-আলমডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এলাকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন। সম্প্রতি তিনি স্থানীয় সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রেলপথ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পৃথক পৃথক আবেদনপত্র পাঠিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।সংসদ সদস্য তাঁর আবেদনে উল্লেখ করেন, চুয়াডাঙ্গা-১ আসনটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও অনগ্রসর অঞ্চল হিসেবে পরিচিত। দুইটি উপজেলা, ২১টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত এই বৃহৎ এলাকার উন্নয়নের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত বরাদ্দ প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এ কারণে ২০২৫-২৬ অর্থবছরে “অনগ্রসর উপজেলা সমূহের জন্য বিশেষ থোক বরাদ্দ” খাত থেকে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার জন্য ৪ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছেন তিনি।স্বাস্থ্যসেবার উন্নয়নে দেওয়া পৃথক আবেদনে এমপি রাসেল আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানান। তিনি উল্লেখ করেন, প্রায় ৬ লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান কেন্দ্র এই হাসপাতাল। পাশাপাশি পার্শ্ববর্তী কুষ্টিয়ার মিরপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষও এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু পর্যাপ্ত বেড, চিকিৎসক, নার্স ও জনবলের সংকটের কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ না থাকায় হাসপাতালের অপারেশন থিয়েটার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।এছাড়া আলমডাঙ্গা শহরে একটি আধুনিক মাতৃসদন হাসপাতাল স্থাপনের দাবি জানিয়ে সংসদ সদস্য বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে হওয়ায় গর্ভবতী মা ও নবজাতকদের জরুরি স্বাস্থ্যসেবা পেতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। একটি পূর্ণাঙ্গ মাতৃসদন হাসপাতাল প্রতিষ্ঠিত হলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত হওয়ার পাশাপাশি মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে প্রশাসনিকভাবে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো পূর্ণাঙ্গ জনবল, ডায়েট ও ওষুধ সরবরাহের সুবিধা চালু হয়নি বলে অভিযোগ করেন এমপি রাসেল। তিনি বলেন, সীমান্তবর্তী এই জেলার মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সদর হাসপাতালকে দ্রুত ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে পূর্ণাঙ্গভাবে পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা জরুরি।যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের কাছে পাঠানো আবেদনে তিনি বাংলাদেশের ঐতিহাসিক আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনকে আধুনিকায়নের দাবি জানান। ১৮৬২ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম দ্বিতল রেলস্টেশন হিসেবে পরিচিত এ স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। কিন্তু স্টেশনটির অবকাঠামো বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ফুটওভার ব্রিজ নির্মাণসহ স্টেশনটিকে আধুনিক স্টেশনে রূপান্তরের আহ্বান জানান তিনি।অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো এক পত্রে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নে কুমার নদীর ওপর ১০০ মিটার দৈর্ঘ্যের একটি দৃষ্টিনন্দন আর্চ ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন সংসদ সদস্য। তাঁর দাবি, এ সেতু নির্মিত হলে কালিদাসপুর, পাইকপাড়া, পারকুলা, মোনাকষা, বলরামপুর, শ্রীরামপুর, ডম্বলপুর, আসাননগর, জগন্নাথপুর, বকশিপুর, মাজু গোস্বামী দুর্গাপুর ও মাগুরাসহ আশপাশের লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর কার্যকর উদ্যোগ কামনা করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা-১ আসনের উন্নয়নে একাধিক মন্ত্রণালয়ে এমপি রাসেলের বিশেষ দাবি

04 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com