ঢাকা, ৪ জুন ২০২৬: দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।বৃহস্পতিবার ঘোষিত এ কমিটিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন কমিটির মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট নেতারা আশা প্রকাশ করেছেন।কমিটিতে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, ২৮ জন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, ২৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহ-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ১২ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সদস্য পদে মোট ১৫১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।নতুন কমিটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন তারেক।কমিটিতে দপ্তরের দায়িত্বে সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে নুরুল ইসলাম সোহেলকে। একইভাবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে থেকে দপ্তরের দায়িত্ব পালন করবেন মিনহাজুল ইসলাম ভূইয়া।নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কামরুজ্জামান জুয়েল। প্রচার সম্পাদক হয়েছেন আল মেহেদী তালুকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন, তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহমান আমিন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন রোকনুজ্জামান রোকন।এছাড়া আইন, কৃষি, সমাজকল্যাণ, শ্রম, শিল্প, যোগাযোগ, ক্রীড়া, শিক্ষা, পরিবেশ, ধর্ম, ত্রাণ ও পুনর্বাসন, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও প্রযুক্তি, স্বাস্থ্য, মানবাধিকার, আন্তর্জাতিক বিষয়ক, প্রশিক্ষণ ও পাঠাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সম্পাদক ও সহ-সম্পাদক পদে নতুন নেতৃত্ব অন্তর্ভুক্ত করা হয়েছে।কমিটিতে প্রবাসী নেতাদেরও স্থান দেওয়া হয়েছে। সহ-সভাপতি পদে যুক্তরাষ্ট্র থেকে আবু সাঈদ আহমেদ এবং যুক্তরাজ্য থেকে রহিম উদ্দিনকে রাখা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৌদি আরব প্রবাসী হারুন অর রশীদ হিরোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে খায়রুজ্জামান লিঙ্কনকে সহ-সভাপতি পদমর্যাদা এবং এ আর মামুন খান ও মুজাহিদুল ইসলাম মুরাদকে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা প্রদান করা হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি আগামী জাতীয় রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক বিস্তার এবং তরুণ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের বিভিন্ন জেলা, মহানগর ও প্রবাস ইউনিটের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কমিটি গঠন করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা সংগঠনকে আরও শক্তিশালী করা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন এবং যুবসমাজকে সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।








