নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খড়াইল মোড় এলাকার ছাইদুলের ব্রয়লার ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক্টর ও এর চালককে আটক করেছে। নিহত রমজান আলী মণ্ডল উপজেলার ঝলকাহার (তেজাপাড়া) গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী ব্যক্তিগত কাজ শেষে বুধবার সকালে মধইল বাজার থেকে একটি চার্জার ভ্যানে করে নিজ বাড়ি ঝলকাহার (তেজাপাড়া) গ্রামে ফিরছিলেন। পথে খড়াইল মোড় সংলগ্ন ছাইদুলের ব্রয়লার ফার্মের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে চার্জার ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে রমজান আলী ভ্যান থেকে ছিটকে পড়ে যান এবং ট্রাক্টরের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক ট্রাক্টর ও এর চালককে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হবে।









