চুয়াডাঙ্গার মেদিনীপুর সীমান্তে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত ৮টার দিকে মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত চোরাচালান প্রতিরোধ টহলে বের হয়। টহল চলাকালে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশবাগানের পাশে মাটির নিচে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সংবাদের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচ থেকে একটি পুরাতন বিদেশি তৈরি সচল ৭.৬৫ বোর পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা অবস্থায় তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN ITALY” লেখা ছিল। এছাড়া গুলিগুলোর পেছনে “KF 7.65” খোদাই করা ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে রাত ৯টা ৫ মিনিটে জব্দ করা হয়। পরে আলামতগুলো বিজিবির হেফাজতে নেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাধারণ ডায়েরি (জিডি) মূলে জীবননগর থানার মালখানায় জমা দেওয়া হয়। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ৫৮ বিজিবির মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির মাধ্যমে মালিকবিহীন পিস্তল, ম্যাগাজিন ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গার মেদিনীপুর সীমান্তে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

03 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com