দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম শাতিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ঢাকা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা, রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণ এবং বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।গতকাল সোমবার (১৮ মে) স্থানীয় সময় বেলা ১১টায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই অনির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের ব্যক্তিগত কোরিয়া সফর উপলক্ষে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত কথা বলেন তারা। বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা ছিল বিদেশে মৃত্যুবরণকারী সকল প্রবাসী কর্মী (রেমিট্যান্স যোদ্ধা) ও শিক্ষার্থীদের লাশ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানোর বিষয়টি।এ প্রসঙ্গে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন গভীর আন্তরিকতা প্রকাশ করেন এবং এই মানবিক প্রক্রিয়াটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় আইনি দিকগুলো নিয়ে দেশে ফিরে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে জরুরি ভিত্তিতে কথা বলার দৃঢ় প্রতিশ্রুতি দেন।এ ছাড়া, দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে কীভাবে ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানো যায় এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে কোরিয়ান বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব, তা নিয়েও রাষ্ট্রদূত ও সংসদ সদস্যের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।গুরুত্বপূর্ণ এই বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর মো. নাজমুল হক এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ঐক্য পরিষদের বিশিষ্ট সদস্য ও সফল ব্যবসায়ী এম আই ছোটন।









