চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে। তবে অভিযানের সময় তিনজন মাদক কারবারি পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার এসআই মো. আলমগীর কবীর, এএসআই মো. রোকন উদ্দিন ও এএসআই আসাদুল হক সঙ্গীয় ফোর্সসহ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ব্রীজ মোড় এলাকার মাধবীতলা মোড়ে বটগাছের নিচে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৫ হাজার পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট এবং একটি লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন মাদক ব্যবসায়ী দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়, পৃষ্ঠপোষকতা ও সরবরাহের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় পলাতক আসামি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।









