চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন কুমারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ জাহিদুল ইসলাম। ইতোমধ্যেই তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক জনসংযোগ ও গণসংলাপ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা মোঃ জাহিদুল ইসলাম দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয়দের কাছে তিনি “জনগণের বন্ধু” হিসেবেও পরিচিতি লাভ করেছেন।সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন, সুশাসন ও একটি আধুনিক, পরিকল্পিত ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছি। আমি কুমারী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”তিনি আরও জানান, ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি নিয়মিত কাজ করছেন এবং জনগণের প্রত্যাশা পূরণে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের স্বপ্ন দেখছেন।এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা ও জনসংযোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমারী ইউনিয়নেও নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিবেশ ধীরে ধীরে সরগরম হয়ে উঠছে।









