কক্সবাজার ৪ আসনের উখিয়া-টেকনাফের মাটি ও মানুষের প্রিয় নেতা, বিএনপি মনোনীত প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ‘হাদির মতো হত্যা’ করার হুমকি দিয়ে ডাকযোগে কাফনের কাপড়সহ একটি চিঠি পাঠানোর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।প্রাপ্ত তথ্যে জানা যায়, অজ্ঞাত পরিচয়ের একটি চক্র শাহজাহান চৌধুরীর নামে ডাকযোগে একটি চিঠি পাঠায়, যার সঙ্গে ছিল কাফনের কাপড়। চিঠির ভাষায় সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তিনি নিজেই উখিয়া থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, আমরা অভিযোগ গ্রহণ করেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হুমকিদাতাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট এক বক্তব্যে বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কমিশন বদ্ধপরিকর। কোনো প্রার্থী বা রাজনৈতিক নেতার নিরাপত্তা বিঘ্নিত হলে তা মেনে নেওয়া হবে না। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া শুধু ব্যক্তি নয়, বরং গণতন্ত্র ও অবাধ নির্বাচনী পরিবেশের ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, শাহজাহান চৌধুরী দীর্ঘদিন ধরে উখিয়া–টেকনাফ অঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন এবং চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের হুমকি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পুলিশ ও প্রশাসন জানিয়েছে, ডাক বিভাগের সংশ্লিষ্ট তথ্য যাচাইসহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা।








