আশুলিয়ায় গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় আজও শ্রমিকদের বিক্ষোভ

সাভারঃ আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের তিনটি কারখানায় দ্বিতীয় দিনের মত উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পলাশবাড়ীর গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। পরে জামগড়ার গিল্ডেন গার্মেন্টস লিমিটেড ও নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেন। পরিস্থিতি শান্ত করতে কর্তৃপক্ষ তিনটি কারখানাতেই এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করলে আজকে সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছেন।

এর আগে সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন (২৫)। তিনি নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

 

শ্রমিকদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় অসুস্থ হলে তাজমিনা ছুটি ও চিকিৎসা সহায়তা চাইলেও তা পাননি। সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে তাতেও বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যেখানে তাঁর মৃত্যু হয়।

শ্রমিকদের দাবি, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত কিছু বিদেশি কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এই বিষয়ে শিল্প পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28