
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং আরেকজন পালিয়ে গেছে।আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) প্রদীপ বিশ্বাস, ঘোলদাড়ী পুলিশ ক্যাম্প সংগীয় ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের ডিউটিতে ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আইলহাঁস ইউনিয়নের সনাতন গ্রামের মোঃ খালেক মন্ডলের বাড়ির উঠানে অভিযান চালানো হয়।অভিযানে কাথলী গ্রামের মোঃ শহিদুল তালুকদারের ছেলে মোঃ জনি তালুকদার (২৪) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে সনাতন গ্রামের মৃত বাবর আলীর ছেলে মোঃ খালেক মন্ডল (৫০) ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।উদ্ধারকৃত গাঁজা জব্দ করে থানায় আনা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, “মাদক সমাজকে ধ্বংস করছে। আমরা মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছি। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”









