
জাবির আহম্মেদ জিহাদ : জামালপুরের সাহিত্যাঙ্গনে নতুন মাত্রা যোগ করে ‘রস ধ্বনি’ নামে একটি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। গত ২ মে ২০২৫, শুক্রবার, জামালপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পত্রিকাটির মোড়ক উন্মোচন, কবিতা পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্রিকাটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের পঞ্চাশের দশকের অন্যতম প্রধান কবি, জামালপুরের কৃতি সন্তান হাসান হাফিজুর রহমানকে। তিনি ছিলেন একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক। তার জন্ম ১৯৩২ সালের ১৪ জুন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে। তিনি ‘মুক্তিযুদ্ধের দলিলপত্র’ নামক ১৬ খণ্ডের গ্রন্থ সম্পাদনার জন্য বিশেষভাবে স্মরণীয়। ‘রস ধ্বনি’ পত্রিকার প্রথম সংখ্যায় ৮৭ জন কবি ও লেখকের কবিতা, গল্প, অনুগল্প, ইংরেজি কবিতা ও বিদেশি ভাষায় অনুবাদ, প্রবন্ধ, নিবন্ধ এবং বিশেষ গদ্য স্থান পেয়েছে। পত্রিকাটি সম্পাদনা করেছেন হৃদয় লোহানী। অনুষ্ঠানে তিনি বলেন, “গুণীদের কদর গুণীজনই করে থাকেন, যার দৃষ্টান্ত এই ‘রস ধ্বনি’ ও আয়োজক কমিটি। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে ‘রস ধ্বনি’ একটি অসাধারণ মাইলফলক হয়ে থাকবে, এমনটাই আমাদের আশাবাদ। অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক, শিক্ষক ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন। তারা ‘রস ধ্বনি’ পত্রিকার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।







