আলমডাঙ্গা পৌরসভা
[post-views]
আলমডাঙ্গা পৌরসভার ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের দরপত্র বাতিল, পুনঃদরপত্রের নির্দেশনা

এম সনজু আহমেদ চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার দীর্ঘদিনের অবহেলিত এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রায় ১১ মাস ধরে ঝুলে থাকা পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) তৃতীয় প্রকল্পের প্রায় ১৭ কোটি টাকার কাজের পূর্বের দরপত্র বাতিল করে পুনঃদরপত্র (রি-টেন্ডার) আহ্বানের নির্দেশনা পাওয়া গেছে। এতে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে নতুন করে আশার আলো দেখছেন পৌরবাসী। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক শাহিনুর আক্তার, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা কামাল এবং স্থানীয় সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা ও তদবিরের ফলে এ অগ্রগতি এসেছে। সংশ্লিষ্টদের অব্যাহত প্রচেষ্টা ও আন্তরিক উদ্যোগের ফলেই দীর্ঘদিনের জটিলতা নিরসনে পুনঃদরপত্রের নির্দেশনা পাওয়া সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে IUGIP প্রকল্পের আওতায় IUGIP/ALAM/UT+DR/03/2023 প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়। ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর জাতীয় দৈনিক ডেইলি সানসহ স্থানীয় পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১২ অক্টোবর দরপত্র উন্মুক্ত করার পর পাঁচজন দরদাতা এতে অংশ নেন। মূল্যায়ন শেষে DCL & MT (JV) সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ১৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির অনুকূলে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (NOA) জারি করা হয়। শর্ত অনুযায়ী, ২ ফেব্রুয়ারির মধ্যে ৬৮ লাখ ৯৬ হাজার ৯৩০ টাকা পারফরম্যান্স সিকিউরিটি জমা দিয়ে ১৬ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি স্বাক্ষরের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে জামানত জমা দিতে ব্যর্থ হওয়ায় চুক্তি সম্পাদন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। পরে এ নিয়ে আইনি জটিলতাও সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে দরপত্রসংক্রান্ত এ জটিলতার কারণে গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ বাস্তবায়ন অনিশ্চয়তার মধ্যে পড়ে। ফলে পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়। অবশেষে পূর্বের দরপত্র বাতিল করে পুনঃদরপত্রের নির্দেশনা পাওয়ায় উন্নয়নকাজ বাস্তবায়নের পথ সুগম হবে বলে আশা করছেন স্থানীয়রা। এদিকে এ অগ্রগতিতে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাঁদের প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে পুনঃদরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করবে পৌর কর্তৃপক্ষ। এর মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন এবং আলমডাঙ্গা পৌর এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে। পৌরবাসীর প্রত্যাশা, আর যেন দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতায় আটকে না থাকে প্রায় ১৭ কোটি টাকার এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গা পৌরসভার ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের দরপত্র বাতিল, পুনঃদরপত্রের নির্দেশনা

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com