ব্রেকিং নিউজ
[post-views]
প্রতিবন্ধকতা ও বার্ধক্য হার মানাতে পারেনি জীবিকার লড়াইয়ে, ভৈরব নদের ঘাটে দড়ি টেনেই চলে দুই পরিবারের সংসার


শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা, অন্যদিকে বয়সের ভার। তবুও থেমে নেই জীবিকার লড়াই। ভৈরব নদের বাগেরহাটের যাত্রাপুর বাজারসংলগ্ন কুলিয়া দাইড় খেয়াঘাটে দড়ি টেনে নৌকায় মানুষ পারাপার করে জীবিকা নির্বাহ করছেন ৩৫ বছর বয়সী জনি মোল্লা ও ৬৫ বছর বয়সী আবদুর রহমান শেখ। প্রতিদিনের কঠোর পরিশ্রমে অর্জিত আয় দিয়েই চলে তাঁদের সংসার। সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই কাটছে তাঁদের জীবন।
প্রতিদিন ভোর হলেই জীবিকার তাগিদে খেয়াঘাটে ছুটে আসেন তাঁরা। নৌকার সঙ্গে বাঁধা মোটা দড়ি টেনে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাত্রী পারাপার করেন। সকাল থেকে রাত পর্যন্ত নদীর ঘাটেই কাটে তাঁদের কর্মব্যস্ত সময়। রোদ-বৃষ্টি কিংবা নদীর স্রোত—কোনো কিছুই তাঁদের জীবিকার সংগ্রাম থামাতে পারেনি।
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়া দাইড় গ্রামের বাসিন্দা জনি মোল্লা। ছোটবেলা থেকেই নদী ও নৌকার সঙ্গে তাঁর সখ্য। প্রায় আট বছর ধরে এই ঘাটে দড়ি টেনে নৌকা পারাপারের কাজ করছেন তিনি। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার পাশাপাশি তাঁর একটি চোখ অন্ধ। এত প্রতিকূলতার মধ্যেও পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করে যাচ্ছেন জনি। নিজের উপার্জিত অর্থ তুলে দেন মায়ের হাতে।
অন্যদিকে, ৬৫ বছর বয়সী আবদুর রহমান শেখের বাড়ি যাত্রাপুর এলাকার চাপাতলা গুচ্ছগ্রামে। বয়সের ভারে শরীর আগের মতো সায় না দিলেও সংসারের হাল ধরতে প্রতিদিন ছুটে আসেন খেয়াঘাটে। তাঁর বাবা প্রয়াত হাসেন উদ্দিন শেখ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভৈরব নদের এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ প্রায় ৬০০ থেকে ৭০০ মানুষ পারাপার হন। তাঁদের নদী পারাপার নির্বিঘ্ন করতে প্রতিদিন দড়ি টানার কঠিন কাজটি করেন জনি ও আবদুর রহমান।
জনি ও আবদুর রহমান জানান, তাঁদের উপার্জনের ওপর পরিবারের সদস্যরা নির্ভরশীল। জীবিকার তাগিদে প্রতিদিন কঠোর পরিশ্রম করলেও আর্থিক সংকট তাঁদের নিত্যসঙ্গী। সামান্য আয় দিয়ে সংসারের প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হয় তাঁদের।
স্থানীয় বাসিন্দাদের মতে, শারীরিক প্রতিবন্ধকতা ও বার্ধক্য নিয়েও তাঁরা যে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন, তা অন্যদের জন্য অনুপ্রেরণার। সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে তাঁদের পরিবারে কিছুটা স্বস্তি ফিরতে পারে।
প্রতিবন্ধকতা, বার্ধক্য আর অভাব—কোনোটিই তাঁদের হার মানাতে পারেনি। ভৈরব নদের বুকে দড়ি টেনে মানুষ পারাপার করেই চলছে তাঁদের জীবনসংগ্রাম। নিজেদের সীমাহীন কষ্টের মধ্যেও পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার এই নিরন্তর প্রচেষ্টাই তাঁদের প্রতিদিনের বাস্তবতা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

প্রতিবন্ধকতা ও বার্ধক্য হার মানাতে পারেনি জীবিকার লড়াইয়ে, ভৈরব নদের ঘাটে দড়ি টেনেই চলে দুই পরিবারের সংসার

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com