[post-views]
শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ সরকার: তথ্যমন্ত্রী


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, তা বাংলাদেশ সরকার জানে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, নাকি পর্যটন ভিসায় অবস্থান করছেন, সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার কোনো বাধা দেবে না। তবে তাঁকে দেশে ফিরতে হলে প্রচলিত আইন ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সরকার আইন অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে আনতে চায়।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাঁর বিরুদ্ধে আদালতের রায়ও হয়েছে। বাংলাদেশ সরকার দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত তাঁর পক্ষ থেকে দেশে ফেরার কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। একদিকে বিমানে দেশে ফেরার কথা বলা হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগের নেতারা সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছেন। এ ধরনের বিভ্রান্তি তৈরি না করে তাঁদের নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত।
ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করে আন্দালিভ রহমান পার্থ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ এ দেশে একসঙ্গে বসবাস করছেন। ভারতের গণমাধ্যমের একটি অংশ বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে যে ধরনের চিত্র তুলে ধরছে, তার পেছনে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে তিনি মনে করেন।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশের স্থিতিশীলতা ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনি প্রক্রিয়ায় এগোতে চায়। তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ সরকার: তথ্যমন্ত্রী

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com