[post-views]
৫৫০ টাকায় গরুর নলি কিনে বিপাকে গৃহিণী, ভেতরে প্রায় এক কেজি চর্বি! নমুনা নিয়ে আদালতপাড়ায় নারী


পরিবারের সদস্যদের জন্য শখ করে গরুর নলি রান্না করতে চেয়েছিলেন পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা লাইলী বেগম। সে উদ্দেশ্যে স্থানীয় একটি মাংসের দোকান থেকে গরুর মাংস ও নলি কেনেন তিনি। কিন্তু বাড়িতে ফিরে নলি কাটতেই চমকে ওঠেন। নলির ভেতরে মাংসের পরিবর্তে পাওয়া যায় অতিরিক্ত চর্বি। এ ঘটনায় দোকানির কাছে প্রতিকার চাইতে গিয়ে উল্টো হুমকির মুখে পড়ার অভিযোগ করেছেন তিনি। পরে কেনা মাংস ও নলির নমুনা নিয়ে হাজির হন ঢাকা আদালতপাড়ায়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আদালত এলাকায় হাতে সবুজ পলিথিনে রাখা মাংস ও নলির নমুনা নিয়ে আইনজীবী ও সাধারণ মানুষের কাছে অভিযোগ তুলে ধরেন লাইলী বেগম।
৮০০ টাকা কেজি মাংস, ৫৫০ টাকায় নলি
লাইলী বেগমের ভাষ্য, তিনি প্রতি কেজি ৮০০ টাকা দরে গরুর মাংস এবং ৫৫০ টাকা দিয়ে এক কেজি গরুর নলি কেনেন। কিন্তু বাড়িতে নিয়ে নলি কাটার পর এর একটি অংশের ভেতরে বিপুল পরিমাণ চর্বি দেখতে পান। তাঁর দাবি, নলির ভেতরে প্রায় এক কেজির কাছাকাছি চর্বি ভরে দেওয়া হয়েছিল।
আদালত এলাকায় নমুনা দেখিয়ে তিনি বলেন, একটি নলি আসল, অন্যটির ভেতরে চর্বি ভরে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, মাংসের নামে এভাবে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
টাকা ফেরত চাইতে গিয়ে হুমকির অভিযোগ
লাইলী বেগম জানান, বিষয়টি বুঝতে পেরে কেনার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই তিনি দোকানির কাছে ফিরে যান। কেনা পণ্য পরিবর্তন অথবা সম্পূর্ণ টাকা ফেরত চান। কিন্তু দোকানি পুরো টাকা ফেরত দিতে রাজি হননি বলে অভিযোগ তাঁর।
লাইলীর দাবি, ৫৫০ টাকার নলির পরিবর্তে তাঁকে ৩৫০ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি এতে রাজি না হয়ে পণ্য পরিবর্তন অথবা সম্পূর্ণ টাকা ফেরতের দাবি জানান। বিষয়টি সাংবাদিক ও পুলিশকে জানানোর কথা বললে দোকানির পক্ষ থেকে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত দোকানির বক্তব্য জানা সম্ভব হয়নি।
‘গরিব মানুষ এভাবে ঠকলে কোথায় যাবে?’
আদালতপাড়ায় আসার কারণ জানিয়ে লাইলী বেগম বলেন, শুধু নিজের টাকা ফেরত পাওয়াই তাঁর উদ্দেশ্য নয়। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর মতে, আর্থিকভাবে অসচ্ছল মানুষ এমন প্রতারণার শিকার হলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন।
তিনি বলেন, ‘আজকে টাকা-পয়সা আছে, তাই সামলে নিতে পারছি। গরিব মানুষ এভাবে ঠকলে কোথায় যাবে?’
এ ঘটনায় থানায় অভিযোগ করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, মানুষ যেন এভাবে প্রতারিত না হয়, সে জন্য বিষয়টি সবার সামনে তুলে ধরতে চান।
আইনে কী প্রতিকার রয়েছে?
ঢাকা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম বলেন, প্রতারণার পরিমাণ কম বা বেশি যা-ই হোক, তা আইনের চোখে অপরাধ। দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা ও ছলচাতুরির মাধ্যমে কাউকে সম্পত্তি বা অর্থ হস্তান্তরে প্ররোচিত করার অপরাধে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানাতে পারেন। প্রয়োজনে আদালতেও মামলা করার সুযোগ রয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, লাইলী বেগম ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গেছেন। তবে তাঁর অভিযোগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

৫৫০ টাকায় গরুর নলি কিনে বিপাকে গৃহিণী, ভেতরে প্রায় এক কেজি চর্বি! নমুনা নিয়ে আদালতপাড়ায় নারী

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com