সরকারি আদেশে গড়ইখালী ইউপি চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা


খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে সরকারি আদেশে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। গত ১৭ নভেম্বর এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে তাঁকে অপসারণের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান জি এম আব্দুস ছালামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ পরিচালনায় অদক্ষতা ও কর্তব্যে অবহেলা, আর্থিক ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম, পরিষদের সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়ম, সরকারি স্বার্থ ক্ষুণ্ণ করা, নাগরিক সেবায় পশ্চাৎপদতা এবং সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে ৫৬৪ নম্বর স্মারকে তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তাঁর দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় বর্ণিত অপরাধের কারণে একই আইনের ৩৪(৬) ধারা অনুযায়ী তাঁকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।
এদিকে, গত ১৬ নভেম্বর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এ বিষয়ে একটি স্মারক জারি করা হয়। উপপরিচালক (স্থানীয় সরকার, খুলনা) মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা-সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।
এরই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫ ধারার উপধারা (১)-এর দফা (খ) এবং উপধারা (২) অনুযায়ী গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
গণবিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিটি পরবর্তী সংখ্যায় প্রকাশের জন্য বাংলাদেশ গেজেটে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
চেয়ারম্যান পদ শূন্য ঘোষণার পর গড়ইখালী ইউনিয়ন পরিষদের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সরকারি আদেশে গড়ইখালী ইউপি চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com