বো’মাবাজি ও সন্ত্রা’সে হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি হবে না, হিতে বিপরীত হবে: মজিবুর রহমান মঞ্জু

জনগণকে ভয় দেখানোর রাজনীতি পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি: এবি পার্টি ঢাকা, ১০ নভেম্বর ২০২৬: বোমাবাজি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব নয়; বরং এসব কর্মকাণ্ড হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবি পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।মজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেটলাইন দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব? এসব সন্ত্রাসের মাধ্যমে তারা কী অর্জন করতে চায়?তিনি বলেন, জনগণকে ভয় দেখানোর রাজনীতি পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। এ ধরনের সহিংসতা করে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়। বরং নিরীহ ও অরাজনৈতিক নেতাকর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন। সংঘাতের রাজনীতি শেষ পর্যন্ত কারও জন্যই কল্যাণ বয়ে আনে না।তিনি আরও বলেন, আজ শেখ হাসিনা মানেই আতঙ্ক, শেখ হাসিনা মানেই সন্ত্রাসের প্রতীক। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করার ঘটনাও ছাত্র-জনতা ভুলে যাবে না।মঞ্জু বলেন, আমরা জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে আমাদের আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ। আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে।তিনি বলেন, মোবাইল ও কম্পিউটারে ব্যস্ত থাকা জেন-জিরাই একসময় রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে তাদের প্রতি সহানুভূতিশীল ও আড়ালে থাকা সমর্থকরাও বিপাকে পড়বেন।এবি পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাস দিয়ে দেওয়া হবে না। বরং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। আমরা আগেও মজলুম ছিলাম, এখনো মজলুম আছি। আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবার ঐক্যবদ্ধ করবে।সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা গোয়েন্দা সংস্থাগুলোর জানা ছিল কি না, তা খতিয়ে দেখতে হবে। এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, সেই প্রশ্নের জবাব দিতে হবে।তিনি আরও বলেন, সরকার যদি মনে করে পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হচ্ছে না, তাহলে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করা হবে। প্রতিটি ঘটনার দায় সরকার ও ফ্যাসিবাদী শক্তিকেই নিতে হবে।সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী, সড়ক ও পরিবহনবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ড. শাহেদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বো'মাবাজি ও সন্ত্রা'সে হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি হবে না, হিতে বিপরীত হবে: মজিবুর রহমান মঞ্জু

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com