কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধান কাটা ও চুরির মামলায় গ্রেপ্তারের দুই দিন পর কারাগারে ফারুক হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা জমির খতিয়ান ও দাগ নম্বরের সঙ্গে নিহতের পরিবারের মালিকানাধীন ও ভোগদখলীয় জমির কোনো মিল না থাকার দাবি উঠেছে। এ অবস্থায় ফারুকের গ্রেপ্তার এবং কারাগারে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে মরদেহ কবর থেকে উত্তোলন এবং পুনরায় ময়নাতদন্তের দাবি জানিয়েছেন।
জমির খতিয়ান ও দাগ নম্বরে অমিলের অভিযোগ: অনুসন্ধানে জানা গেছে, উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকার বাসিন্দা মো. আবু তারেক বাদী হয়ে উলিপুর থানায় ধান কাটা ও চুরির অভিযোগে একটি মামলা করেন। মামলার এজাহারে কয়েকটি খতিয়ান ও দাগ নম্বরের জমির বিবরণ উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, সাদুয়া দামারহাট মৌজার জে.এল. নম্বর ১২৭/৫৯-এর এসএ খতিয়ান নম্বর ৭৪০, ডিপি নম্বর ২৬৬, সাবেক দাগ নম্বর ২৫১৬, ২৫১৭, ২৫২৩ ও ২৫২৪ এবং হাল দাগ নম্বর ৪৯৮৫-এর মোট ৬৭ শতক জমির কথা বলা হয়েছে। এ ছাড়া এসএ খতিয়ান নম্বর ৩৩২, ডিপি নম্বর ২২৬, সাবেক দাগ নম্বর ২৪৮১ ও ২৪৮২ এবং হাল দাগ নম্বর ৪৯৪৬-এর ৯ শতক জমি এবং সাবেক দাগ নম্বর ২৪৭৭ ও হাল দাগ নম্বর ৪৯৪৮-এর ২৫ শতক জমির বিবরণ রয়েছে। সব মিলিয়ে এজাহারে প্রায় ১ একর ১ শতক জমির উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, নিহত ফারুকের স্ত্রী মারুফা বেগমের দাবি, তাঁর স্বামী কিংবা পরিবারের কেউই মামলার এজাহারে উল্লেখিত দাগ ও খতিয়ানের জমিতে ধান কাটেননি। তাঁরা নিজেদের মালিকানাধীন ও ভোগদখলীয় জমির ধান কেটেছেন। তাঁদের জমির খতিয়ান নম্বর ২৫ ও ১৫৩২ এবং দাগ নম্বর যথাক্রমে ৪৯৬৪, ৪৯১৪ ও ৪৯১৫।
পরিবারের দাবি, মামলার এজাহারে উল্লেখিত জমির দাগ নম্বরের সঙ্গে তাঁদের জমির দাগ নম্বরের কোনো মিল নেই। এ অবস্থায় জমির প্রকৃত অবস্থান ও মালিকানা যাচাই না করে ফারুককে কেন গ্রেপ্তার করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
গ্রেপ্তার ও তদন্ত নিয়ে প্রশ্ন: নিহতের পরিবারের অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা উলিপুর থানার এএসআই মো. আনোয়ার হোসেন জমির প্রকৃত মালিকানা ও অবস্থান যথাযথভাবে যাচাই না করেই ফারুককে গ্রেপ্তার করেন। তাঁদের দাবি, গ্রেপ্তারের আগে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হলে বিষয়টি স্পষ্ট হতে পারত।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর ফারুককে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর পর সেখানে তাঁর মৃত্যু হয়। তবে গ্রেপ্তার থেকে শুরু করে কারাগারে মৃত্যু পর্যন্ত পুরো প্রক্রিয়া নিয়ে স্বজনদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।
এলাকায় এ নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও ফারুকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের পর তাঁর ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন হয়েছিল কি না, কিংবা মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনরা।
থানা পুলিশের বক্তব্য: এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, থানা হেফাজতে থাকা অবস্থায় ফারুকের ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছিল। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
নিরপেক্ষ তদন্ত ও পুনঃময়নাতদন্তের দাবি: ফারুকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তাঁর স্বজন ও স্থানীয়রা। তাঁদের মতে, মামলার তদন্তপ্রক্রিয়া, জমির দাগ ও খতিয়ান যাচাই, গ্রেপ্তারের প্রেক্ষাপট এবং কারাগারে মৃত্যুর কারণ—সব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।
পাশাপাশি আদালতের অনুমতি ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে ফারুকের মরদেহ কবর থেকে উত্তোলনের দাবি জানিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে পুনরায় ময়নাতদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্বজনদের দাবি, ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসমক্ষে আনা হোক। তদন্তে কোনো অনিয়ম বা অপরাধের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।







