দীর্ঘদিন ধরে অন্যের অসহায়ত্ব, দুর্ভোগ ও সংকটের খবর তুলে ধরেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের নানা সমস্যা তুলে ধরেছেন গণমাধ্যমে। অথচ আজ নিজের জীবন বাঁচাতে চিকিৎসার আকুতি জানাচ্ছেন সাংবাদিক ইসাহাক আলী। গুরুতর কিডনি রোগ ও স্ট্রোকজনিত জটিলতায় আক্রান্ত এই সাংবাদিকের বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার প্রস্তুতি আটকে আছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের জটিলতায়।
ইসাহাক আলী বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। শারীরিক অবস্থার ক্রমাবনতি, চিকিৎসার জরুরি প্রয়োজন এবং সরকারি দপ্তরের দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া—সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর।
রোববার (৮ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যার সমাধানের আকুতি জানান তিনি। লাইভে ইসাহাক জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। গত তিন বছর ধরে স্ট্রোকজনিত জটিলতাও রয়েছে। বর্তমানে তাঁর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ১০-এর কাছাকাছি। এ পর্যন্ত একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রায় সাত দিন আইসিইউতেও চিকিৎসা নিতে হয়েছে তাঁকে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
ইসাহাক আলীর পারিবারিক পরিচয়সংক্রান্ত জটিলতার সূত্রপাত শৈশব থেকেই। জন্মের পর থেকে বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বেড়ে ওঠেন তিনি। তাঁদেরই বাবা-মা হিসেবে জেনে এসেছেন। পরবর্তী সময়ে জানতে পারেন, তাঁর জন্মদাতা বাবা মেজ চাচা সুলতান মাহমুদ এবং মা কমলা বেগম।
জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্রে পালিত বাবা-মায়ের নাম থাকলেও জমিজমাসংক্রান্ত দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। ফলে পরিচয়সংক্রান্ত এই ভিন্নতার কারণে বিভিন্ন দাপ্তরিক কাজে জটিলতার মুখে পড়তে হচ্ছে তাঁকে।
সমস্যা সমাধানে ইতোমধ্যে জন্মনিবন্ধন সংশোধন ও অ্যাফিডেভিট সম্পন্ন করেছেন ইসাহাক। এ বিষয়ে উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা তদন্তও করেছেন। তবে এতসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও এনআইডি সংশোধনের জটিলতা কাটেনি।
গত রোববার নির্বাচন কমিশন থেকে তাঁকে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ সংশোধন করে জমা দিতে বলা হয়েছে। ইসাহাকের ভাষ্য, শিক্ষাগত সনদ সংশোধনে তাঁর কোনো আপত্তি নেই। কিন্তু নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে মাত্র ১৫ দিনের মধ্যে সংশোধিত সনদ সংগ্রহ করা বাস্তবসম্মত নয়।
এদিকে তাঁর পালিত বাবা শয্যাশায়ী এবং জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। নিজেও গুরুতর অসুস্থ হওয়ায় অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারছেন না। এমন পরিস্থিতিতে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করাও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো. মঞ্জুর রহমান খান বলেন, শিক্ষাগত সনদে বাবা-মায়ের নাম সংশোধনের প্রক্রিয়া সময়সাপেক্ষ। ১৫ দিনের মধ্যে তা সম্পন্ন করা সম্ভব নয়।
অন্যদিকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষাগত সনদ সংশোধন করে আবেদন করতে হবে।
এ অবস্থায় ইসাহাক আলীর আবেদন, ইতোমধ্যে সম্পন্ন তদন্ত এবং জমা দেওয়া নথিপত্র বিবেচনায় নিয়ে এনআইডি সংশোধনের জটিলতা দ্রুত নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে শিক্ষাগত সনদ সংশোধনের আগ পর্যন্ত জরুরি চিকিৎসার স্বার্থে পাসপোর্টসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার জন্য প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে কোনো বিকল্প ব্যবস্থা রয়েছে কি না, তা বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে ইসাহাক আলী বলেন, “আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই। পরিবারের কাছে ফিরে স্বাভাবিকভাবে বাকি জীবনটুকু কাটাতে চাই।”
দীর্ঘদিন মানুষের দুঃখ-দুর্দশার কথা সংবাদমাধ্যমে তুলে ধরা এই সাংবাদিকের নিজের জীবন বাঁচানোর আকুতি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। জরুরি চিকিৎসার প্রয়োজনে তাঁর পরিচয়সংক্রান্ত প্রশাসনিক জটিলতার আইনসম্মত সমাধান কত দ্রুত সম্ভব হবে, সেই অপেক্ষায় রয়েছেন তিনি ও তাঁর পরিবার।
হাসান আলী সোহেল, নিজস্ব প্রতিবেদক:







